দিন দর্পণ, উত্তর দিনাজপুরঃ প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ গ্রামবাসীদের।পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ‘ছিনতাই’ করে নিয়ে পালাল গ্রামবাসীরা।শনিবার চোপড়ায় এমনই ঘটনা ঘটে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়।এই ঘটনায় এখনো পর্যন্ত ২৭জনকে আটক করেছে পুলিশ।পুলিশের উপর হামলায় অভিযুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র সংক্রান্ত ব্যাপারে ওই তৃণমূল নেতা মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।সেই কারণেই তাঁকে ধরতে যাওয়া হয়েছিল।সেই সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকর্মীদের।জানা গিয়েছে, যতক্ষণ না পুলিশ আসামিকে এবং যারা ছিনিয়ে যাওয়া গ্রামবাসীদের গ্রেফতার করতে পারছে ততক্ষণ তল্লাশি অভিযান চলবে।
স্থানীয় বিধায়ক হামিদুর রহমান বলেন, ‘‘পুলিশের কাছে কোনও বৈধ পরোয়ানা ছিল না।আমাদের প্রাক্তন এক সদস্যকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল।মজিবুরের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।তার পরেও তাঁকে কেন ধরে নিয়ে যাচ্ছিল।তাঁকে ধরে নিয়ে যাওয়ার কারণেই তখন গ্রামবাসীরা পরোয়ানা দেখতে চান।কিন্তু পুলিশ দেখাতে পারেনি ওই কারণেই গ্রামবাসীরা বাধা দেন।মজিবুর রহমানকে নিয়ে যেতে এখন পুলিশ গোটা গ্রামকে ফাঁকা করে দিয়েছে।অত্যাচার চালাচ্ছে।দোকানপাট ভাঙচুর করেছে।’’তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, ‘‘পুলিশের উপর হামলা নিন্দনীয় ঘটনা।এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।দল এই ধরনের কাজকে সমর্থন করে না।কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ আইন মোতাবেক কাজ করবে।’’
