বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগে তৎপর স্কুলশিক্ষার স্ট্যান্ডিং কমিটি


দিন দর্পণ, কলকাতাঃ আরও বেশি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি নিয়েই বিধানসভায় সুপারিশ পেশ করল স্কুলশিক্ষা বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটি।একইসঙ্গে যেসমস্ত শিক্ষকরা যোগ্য তাদের সুবিধার্থে কয়েকটি নির্দিষ্ট  স্কুলে পড়ুয়াদের সংখ্যার অনুপাত সঠিক রয়েছে কি না তা যাচাই করার কথা জানিয়েছে স্ট্যান্ডিং কমিটি।বিগত চার বছরে একেরপর এক জেলাভিত্তিক এই রিপোর্ট বিধানসভায় জমা দিয়েছে স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।সমস্ত স্কুলে সামঞ্জস্য বজায় রেখে সায়েন্স ও আর্টসের স্ট্রিম রাখতে হবে, যাতে স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যার অনুপাত কমে না যায়।

কমিটির বক্তব্য, দীর্ঘদিন রাজ্য সরকারি স্কুলে শিক্ষক আর পড়ুয়াদের নির্দিষ্ট অনুপাতে মিল নেই। যেখানে সায়েন্সের ভাল শিক্ষক আছে, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই স্ট্রিমের পড়ুয়া নেই।আবার কোথাও দেখা যাচ্ছে উলটো।ভাল পড়ুয়া থাকলেও নির্দিষ্ট বিষয় পড়ানোর শিক্ষকের অভাব।তাই অবিলম্বে সেসব স্কুলে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ প্রয়োজন।সেই সঙ্গে সমস্ত স্কুলে নির্দিষ্ট করে সামঞ্জস্য রেখে সায়েন্স ও আর্টসের স্ট্রিম রাখতে হবে, যাতে স্কুলগুলিতে পড়য়াদের সংখ্যার অনুপাত কমে না যায়।

স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি হাওড়ার শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডলের কথায়, তসরকারকে এ নিয়ে উদ্যোগ নিতে হবে।বিভিন্ন জেলায় এত ভাল ভাল শিক্ষক থাকার পরও বেশ কিছু স্কুল ঘুরে আমরা দেখলাম সেখানে উচ্চ শিক্ষায় পড়ুয়ার অভাব।ছেলেমেয়েদের মধ্যে গভীরে পড়াশোনার অভাব থেকে যাচ্ছে।নদিয়ার বেশ কিছু স্কুলে এই ছবি দেখা গিয়েছে।আবার বীরভূমের একাধিক স্কুলে উল্টো ছবি।কালীপদবাবুর রিপোর্ট বলছে, ‘বীরভূম জেলার উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের শিক্ষকের অপ্রতুলতার কারণে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে পারছে না।’ কমিটি সুপারিশ করেছে, ইংরেজি মাধ্যম সরকারি স্কুলের চাহিদার কথাও।স্কুলশিক্ষা দপ্তরের উদ্দেশে লেখা এই রিপোর্টে উল্লেখ, ‘রাজ্য সরকার পরিচালনাধীন ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের চাহিদা প্রচুর।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *