দিন দর্পণ, কলকাতাঃ মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।একের পর এক মৃত্যু মিছিল।১৪৪ বছর পরের মহাকুম্ভ প্রাণ কেড়েছে বহু মানুষের যারা পুণ্যপ্রাপ্তির জন্য একবার মহাকুম্ভের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে চেয়েছিলেন।কখনও পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু হচ্ছে।কখনও আগুন সমস্ত পুড়ে ছাই।তো কখনও আবার মহাকুম্ভের পথে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।মহাকুম্ভের এই একের পর এক দুর্ঘটনা নিয়ে বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বললেন, মহাকুম্ভের কথা বলে লাভ নেই।ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।
এর আগে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেছে।যা নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন, এত বড় উৎসবের আয়োজন করার আগে উপযুক্ত পরিকল্পনা করা হয়নি।বিধানসভায় ফের একই অভিযোগ করলেন তিনি।এরই সঙ্গে তাঁর দাবি, ভিআইপিদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে গিয়ে গরিব মানুষদের মারা হয়েছে।মমতার কথায়, মহাকুম্ভের কথা বলে লাভ নেই।ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।মহাকুম্ভকে আমি অত্যন্ত সম্মান জানাই।কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গেছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প।আর গরিবদের জন্য কিছু না।আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।মুখ্যমন্ত্রীর খোঁচা, ধর্মের জন্য যারা এই মৃত্যু নিয়ে হাইপ তুলছেন তাদের আমি মেনে নিতে পারি না।সিরিয়াস বিষয় নিয়ে হাইপ তুলতে নেই।
পরিকল্পনাহীনতা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন,মহাকুম্ভ শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত কোনও প্ল্যান হয়নি।দেখছেন না কোটি মানুষ।একটা ট্রেনে যেতে পারে?রাজ্যে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী।গঙ্গাসাগর মেলার সময় আমরা কোনও ভিআইপি অনুমতি দিইনি।ধর্ম ঘরে পালন করার জন্য।ধর্ম বিক্রি করে দেশ ভাগ করছেন।আমরা ধর্ম বিক্রি করি না।ভিআইপিদের জন্য করতে গরিবদের মারছেন।মহাকুম্ভে গিয়ে বাংলার বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।মৃতদেহ নিয়ে যোগীরাজ্যের অব্যবস্থাকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী।কাউকে ডেথ সার্টিফিকেট দেননি।শুধু একটা হ্যান্ড নোট।এর পর বলবেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছে।যদি ডেথ সার্টিফিকেট না দেন,পোস্টমর্টেম না হয় তাহলে কী হবে? আমরির ঘটনায় আমরা সবাইকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম।তা হলে উত্তর প্রদেশ সরকার কেন দেবে না।
