দিন দর্পণ, নয়াদিল্লিঃ সপ্তাহের প্রথম দিনেই কেঁপে উঠল রাজধানী।সোমবার ভোর ৫.৩৬ মিনিটে দিল্লি-এনসিআর কেঁপে উঠেছে ৪.০ মাত্রার ভূমিকম্পে।হঠাৎই প্রবল কম্পন ঘুম ভাঙিয়ে কাঁপিয়ে দেয় দিল্লিবাসীকে।ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ ভীত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই ভূমিকম্পে শুধু জিনিসপত্র নয়, মাটির কাঁপুনিও স্পষ্টভাবে অনুভূত হয়েছে।ঘরবাড়িগুলো রীতিমতো দুলে উঠেছে।অনেকেই বলছেন, এটিই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রবল ভূমিকম্প।জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ- কম্পনের কেন্দ্রস্থল।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিল্লিতেই এবং মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরতায় এটির উৎস।সাধারণত ৪.০ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মানের কম্পন হিসেবেই ধরা হয়, যা খুব বেশি ক্ষতি করে না। কিন্তু এবার সেটা অনেক বেশি তীব্র মনে হয়েছে।কম্পন অনেক বেশি হয়েছে যেন।
ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং পরবর্তী কম্পনের জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেন।দিল্লির এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে, তবে এত জোর কম্পনে বাসিন্দারা প্রবল আতঙ্কিত হয়ে পড়েন।দিল্লিবাসীরা বলছেন, এত শক্তিশালী ভূমিকম্প গত ২৫বছরেও আগে কখনও অনুভব হয়নি।
