দিন দর্পণ, নয়াদিল্লিঃ বাজেটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যবিত্তের দিকে যে নজর দেবে সরকার, সেটার ইঙ্গিত ছিল।নির্মলার বাজেট ঘোষণায় সেই সম্ভাবনা সত্যি হল।বিরাট স্বস্তি মধ্যবিত্তদের জন্য।১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না।বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, নতুন করকাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনও আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সে ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
নতুন কর কাঠামো-
০ থেকে ৪ লক্ষ টাকা- কোনও কর নেই
৪-৮ লক্ষ টাকা- ৫% আয়কর
৮-১২ লক্ষ টাকা – ১০% আয়কর
১২-১৬ লক্ষ টাকা – ১৫% আয়কর
১৬-২০ লক্ষ টাকা – ২০% আয়কর
২০-২৫ লক্ষ টাকা – ২৫% আয়কর
২৫ লক্ষ টাকার উপরে – ৩০% আয়কর
শনিবার, বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার।আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৭৫ হাজার টাকাই রাখা হয়েছে।এছাড়া প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে রেহায় দিয়েছেন নির্মলা।ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ১ লক্ষ টাকা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।অর্থাৎ, ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।
সোমবার সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল।জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে দাবি নির্মলা সীতারমণের।এই পরিবর্তন সরাসরি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির করদাতাদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, নতুন কর কাঠামো ভোগ্যব্যয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অর্থনীতির বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।
