দিন দর্পণ, কলকাতাঃ আবারও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে কাজ।যার কারণে যাত্রীদের আবারও ভোগান্তির আশঙ্কা থাকছে।নন ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে।কিছু কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হবে।যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে।তাতেও যাত্রীদের মধ্যে ভোগান্তির ছাপ থাকবে বলেই মনে করা হচ্ছে।
রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ ও কাঁকুড়গাছিতে নন ইন্টারলকিংয়ের কাজ হবে।শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে শুরু হবে কাজ।এই কাজ চলবে সোমবার ভোর পর্যন্ত।এর কারণে বজবজ লাইনের ট্রেনগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে শিয়ালদহের দিকে।ফলে যাত্রীদের শিয়ালদহ থেকে ট্রেন পরিবর্তন করে যেতে হবে দক্ষিণ শাখায়।ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ক্যানিং যাওয়ার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।ফলে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
নৈহাটি-মাঝেরহাট লোকালগুলোকে চক্ররেলের লাইনে ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর।পাশাপাশি কিছু স্পেশ্যাল ট্রেন চলবে।বিকেল ৫টা ৪৩ মিনিটে শিয়ালদহ থেকে বারুইপাড়ার উদ্দেশে একটি স্পেশ্যাল ট্রেন রওনা দেবে।বিকেল সাড়ে ৫টায় বজবজ থেকে রওনা দিয়ে একটি স্পেশ্যাল ট্রেন, সেটি নিউ আলিপুর পর্যন্ত যাবে।নিউ আলিপুর থেকে বজবজের উদ্দেশে একটি স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত ৮টা বেজে ১২ মিনিটে।ফলে সবমিলিয়ে যাত্রীদের খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে রেল।জানা দিয়েছে, শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখাতেও চলবে স্পেশ্যাল ট্রেন।
