ব্যারাকপুরে ভরদুপুরে জনবহুল এলাকাতে শুটআউট


দিন দর্পণ, ব্যারাকপুরঃ ভরদুপুর বেলায় শুট আউট।পুলিশ কমিশনারেটের অফিসের সামনেই ঘটে গেল এই ঘটনা।ভরদুপুরে বহু মানুষের যাতায়াত ওই জায়গায়।সেই জনবহুল এলাকাতেই ভরদুপুরে চলল গুলি।গুলিবিদ্ধ হয়েছে যুবক।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহম্মদ ইন্দাজ নামে এক যুবক।পুলিশের নাকের ডগা থেকে পালিয়েও যায় দুষ্কৃতীরা।

বুধবার দুপুরে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের কাছে আবদালি বাজারের পাশেই রয়েছে বিদ্যুৎ দফতরের একটি পরিত্যক্ত বিল্ডিং।সেখানেই এদিন গুলি চালানোর ঘটনা ঘটে।গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।ওই পরিত্যক্ত বাড়িতে যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।মোট চারজন ছিল বলে জানা গিয়েছে।গুলি করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় তারা।যেখানে ঘটনাটি ঘটে,সেখানেই পুলিশ কমিশনারেটের অফিস।কাছেই রয়েছে মহিলা থানা।প্রত্যক্ষদর্শীদের দাবি, পাইপ রোড দিয়ে দুষ্কৃতীরা গিয়েছিল চিড়িয়ামোড়ে।তারপর আবার পাইপ রোড দিয়েও পালিয়ে যায় তারা।ওই রাস্তায় সারাদিন প্রচুর পুলিশ থাকে।তারপরও দুষ্কৃতীরা কীভাবে পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রাথমিক তদন্তে পুলিশের কর্তাদের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই গুলি কাণ্ড।মহম্মদ ইন্দাজ নামে ওই যুবকের বুকে গুলি লেগেছে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে ঘটনাস্থলের অদূরেই পুলিশ কমিশনারের অফিস।স্বভাবতই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি করা হয়েছে ওই যুবককে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *