দিন দর্পণ, মালদাহঃ সোমবার মুর্শিদাবাদে বৈঠকের পর মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী মালদায় ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে যান।তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থও।সোমবার রাতে মালদহে পৌঁছে মঙ্গলবার ভোরেই মালদহ মেডিক্যাল কলেজ-সহ জেলার একাধিক সরকারি জায়গা পরিদর্শন করেছেন মুখ্যসচিব।মঙ্গলবার সকালে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিডিওদের বলছি, মুখ্য সচিবকে দেখে শিখুন।কীভাবে মানুষের কাছে পৌঁছতে হয়।তিনি আরও বলেন, কেন্দ্র আমাদের ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি।কোথা থেকে কাজ করব? তার মধ্যেও আমাদের কাজ থেমে থাকেনি।কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী-সহ সব প্রকল্পের কাজ চলছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিডিও’দের সপ্তাহে একদিন করে গরিব মানুষের গ্রামের বাড়িতে যেতে।বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার নিদানও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মানুষের পরিষেবা নিশ্চিত করতে সকলকে যেতে হবে মানুষের কাছে।তিনি জেলা প্রশাসনের উদ্দেশে বক্তব্য, সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত করব না।মানুষের পরিষেবায় যেন কোনও খামতি না থাকে।মানুষ কাছে গেলে ভাল ব্যবহার করুন।মানুষ যেন সরকারি পরিষেবার সুযোগ পান সেটা দেখতে হবে।সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবার থেকে বিডিওদের সপ্তাহে একদিন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মালদহর প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী।মিটিং শেষে এখান থেকেই কোচবিহারের উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
