বাঘাযতীনের বহুতল ঘটনার পর কড়া পদক্ষেপ জারি করল পুরসভা


দিন দর্পণ, কলকাতাঃ বাঘাযতীনের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিল পুর ও নগরায়ন দফতর।এবার থেকে বাড়ি জ্যাকিং আপ করতে পুরসভা থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।পুরসভা পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে কাজ হবে, সেখানে মাটি পরীক্ষার রিপোর্ট জমা করতে হবে।পুরসভা সন্তোষজনক রিপোর্ট জমা দিলে তবেই কাজ করা যাবে।এছাড়াও নির্দেশে বলা হয়েছে যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ করা হবে।পাশাপাশি যে সংস্থা কাজ করবে তাদের অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা থাকা আবশ্যক।বিনা অনুমতিতে কাজ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পুরসভার পক্ষ থেকে।                                                                                                                                                                                                                              

প্রসঙ্গত, বাঘাযতীনে বহুতল হেলে পড়া কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে।ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়কে।দক্ষিণ চব্বিশ পরগণার বকখালির একটি হোটেল থেকে সুভাষ রায়কে গ্রেফতার করে পুলিশ।গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল।ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার।অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে।শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার।এই ঘটনার পরেই প্রশাসনিক তরফে বাড়ি তৈরি ও বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া হয়েছে পুরসভা ও রাজ্য পুর ও নগরায়ন দফতর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *