দিন দর্পণ,নদীয়াঃ আরও একবার পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে নদীয়ার চাকদহ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে ফেনসিডিল।গোপন সূত্রে খবর পেয়ে চাকদহ থানার অন্তর্গত মহানালা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় এসটিএফ ও রানাঘাট পুলিশের যৌথ বাহিনী।ওই সড়কে দুটি বোঝাই করা কন্টেনার আসতে দেখে সন্দেহ করে পুলিশ।কন্টেনার দুটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মূল রহস্য।ভিতর থেকে উদ্ধার হয় ১৯৭টি বাক্স।যাতে বোঝাই করা ১৯৭০০ টি ফেনসিডিল পাওয়া যায়।ঘটনায় বনগাঁর এক বাসিন্দাসহ গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে গোপনসূত্রে খবর আসে চাকদহ থানার অন্তর্গত মহানালা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে দুটি কন্টেনারে বিপুল পরিমাণে ফেনসিডিল পাচার করা হচ্ছে।সেই গোপনসূত্র অনুযায়ী,ওই এলাকায় যৌথ অভিযান চালায় এসটিএফ ও রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা।জাতীয় সড়কে সন্দেহজনক দুটি কন্টেনার আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, আটক করা একটি কন্টেনারের সামনের দিকে বোঝাই ছিল অসংখ্য কাপড়ের টুকরো।ঠিক তার পেছনেই বোঝাই ছিল প্রচুর পরিমাণে ফেনসিডিল।একইভাবে দ্বিতীয় কন্টেনারের সামনের দিকে ছিল বোঝাই করা কাঁচা বাদামের বস্তা।তার পেছনেই মজুত ছিল একাধিক ফেনসিডিলের বোতল।তল্লাশি শুরু করতেই ১৯৭টি বাক্সে প্রতিটি ১০০টি ফেনিসিডিল উদ্ধার হয়।ঘটনায় কৃষ্ণ রায় নামে বনগাঁর গেরাপোতা এলাকার এক ব্যক্তি-সহ গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গিয়েছে, ফেনসিডিল গুলি প্রয়াগরাজ থেকে আনা হচ্ছিল।পুলিশের অনুমান, সেগুলি বনগাঁ বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার করার ছক ছিল পাচারকারীদের।
