দিন দর্পণ, কলকাতাঃ শুক্রবার দুপুরে ১টা ৩০ মিনিট নাগাদ কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি আবাসনে অগ্নিকাণ্ড।ওই আবাসনের ছাদে আগুন লেগে যায় বলেই অনুমান।ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন পৌঁছায়।দ্রুত আবাসিকদের আবাসন থেকে বের করে দেওয়া হয়।শুক্রবার দুপুরে মিন্টো পার্কের কাছে ৯ হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখা যায়।
ওই বহুতলের ছাদে স্টোররুমে আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যায়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।আতঙ্কিত আবাসিকরা প্রাণভয়ে কোনওক্রমে বাইরে বেরিয়ে আসেন তাঁরা।আবাসিকদের অনুমান,গিজারের শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগে যায়।ওই বহুতলের পাশেই রয়েছে নামী বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল।আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর তৎপর দমকল কর্মীরা।দমকল মন্ত্রী সুজিত বসু জানান,আপাতত ওই বহুতলটির আগুন নিয়ন্ত্রণে।কুলিং প্রসেস চলছে।অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতল লাগোয়া রাস্তায় আপাতত যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
