রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক


দিন দর্পণ, কলকাতাঃ বুধবার রেশন দুর্নীতি মামলার শুনানির দিন ছিল।সেই দিনই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায়।রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন।শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক  একাই জামিন পেয়েছিলেন না।বুধবার বিশেষ ইডি আদালত ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দুটি সিকিউরিটি বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শর্তাধীন জামিন দিল।রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ইডির দায়ের করা মামলা ছাড়া অন্য কোনও মামলা তাঁর বিরুদ্ধে না থাকায় জামিন প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রায় সাড়ে ১৪ মাস পর জেলমুক্তি পেলেন তিনি।

এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা ফের তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন।এছাড়া এই মামলায় বাকি অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন বলেও তাঁরা জানান।জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানার নেই ইডির।এমনকী এখুনি এই মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই।তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত।কিন্তু,  উল্টোদিকে জামিন আটকাতে মরিয়া ইডির দাবি ছিল, জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গাসাগর।তিনি জেলের বাইরে বেরলে তদন্তকে প্রভাবিত করতে পারেন।কিন্তু, এদিন বিচারকের সামনে ইডির এই যুক্তি ধোপে টেকেনি।

বিশেষ ইডি আদালতের বিচারকের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলছে।কিন্তু তার জন্য রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেফাজতে রাখার প্রয়োজন নেই।এখনই মামলার ট্রায়াল শুরুর সম্ভাবনাও নেই।তাই জ্যোতিপ্রিয়কে জামিন দিতে সমস্যা নেই।তবে এই জামিন শর্তসাপেক্ষ।জেলমুক্তির পরও কয়েকটি বিষয় তাঁকে মেনে চলতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *