দিন দর্পণ, হাওড়াঃ বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী।এই উপলক্ষে বেলুড় মঠ চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ ভোর ৫টায় মঙ্গলারতি দিয়ে পুজো শুরু করা হয়।সারাদিনে চলছে বিশেষ পুজাপাঠ, বেদপাঠ ও স্তবগান।বেলুড় মঠে স্বামীজির জন্মবার্ষিকী ঘিরে উপছে পড়া ভিড় মানুষের।দূরদূরান্ত থেকে মানুষ এদিনটির সাক্ষী থাকতে উপস্থিত হয়েছেন বাচ্চা থেকে বড়ো সকলেই।
স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি ও ৪১ তম জাতীয় যুব দিবস।স্বামী বিবেকানন্দের এই জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় সারা দেশে।বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পড়ুয়া ও শিক্ষার্থীরা সকালে প্রভাতফেরি অনুষ্ঠিত করেন।বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বামীজীর ছবি সহযোগে ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করেন সকলে।বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দিনভর স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, দুপুর তিনটেয় ধর্মসভা, সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে, এমনটাই জানা গেছে।বেলুড় মঠের পক্ষ আগত এই সমস্ত দর্শনার্থীদের ছাত্র-ছাত্রীদের জন্য প্যাকেটে করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভক্ত সমাগম।সেই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।স্বামী বিবেকানন্দর জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি।একই সময়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মন্ত্রী শশী পাঁজা।স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষ্যে শাসক-বিরোধী দু’ দলেরই একই সময়ে কর্মসূচি।স্বামী বিবেকানন্দর জন্মদিনে বিজেপি যুব মোর্চার ম্যারাথনে সামিল হন সুকান্ত মজুমদার।তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা।
বেলুড় মঠ, তাঁর বাড়ির পাশাপাশি এদিন জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন।এদিন সকালে মিশনের স্কুল ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়।মঠ হয়ে শোভাযাত্রাটি কামারপুকুর চটিতে বিবেকানন্দ মূর্তি প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় অংশ নেন মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি, আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ বেশ কিছু স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ।এছাড়া কামারপুকুর মিশন স্কুলের ছাত্রছাত্রীরাও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় হাঁটে।
