দিন দর্পণ, কলকাতাঃ প্যান কার্ড সংক্রান্ত তথ্য আপডেট না করার কারণে ব্লক করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।এই ধরণের ম্যাসেজ পেয়েছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের একাংশ।প্যান আপডেট করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে সেই বার্তায়।অনেকেই এ হেন বার্তা পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।সেই ম্যাসেজে দাবি করা হয়, যে প্যান কার্ডের তথ্য আপডেট না করার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে।কিন্তু, আপনি যদি প্যান কার্ডের তথ্য আপডেট করেন, নিচে একটি লিঙ্কও প্রদান করা হয়েছে।সেই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবার ঠিক হয়ে যাবে।তবে সাবধান! এটাই সব থেকে বড়ো ভুল করবেন।আপনার ফোনেও এই ধরনের কোনও মেসেজ এসে থাকলে ভুলেও এই লিঙ্কে ক্লিক করবেন না।কারণ, এটি একটি নতুন প্রতারণার চক্র।একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, জানতে পারা গিয়েছে যে, এই মেসেজের মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা ও ব্যক্তিগত তথ্য লুঠ করে নেওয়ার চেষ্টা করছে জালিয়াতরা।IPPB-এর পক্ষ থেকে গ্রাহকদের এই ধরনের কোনও বার্তা পাঠানো হয়নি।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক টিমের পক্ষ থেকে ইতিমধ্যেই এবিষয়টি যাচাই করা হয়েছে।যাচাইকরণের পর PIB Fact Check জানিয়েছে, এই মেসেজটি সম্পূর্ণভাবেই ভুয়ো।পোস্ট অফিসের পক্ষ থেকে কখনও এই ধরনের কোনও মেসেজ পাঠানো হয় না।এটি আর্থিক জালিয়াতির একটি ফাঁদ।এই ধরনের প্রতারণাকে সাধারণভাবে ফিশিং হিসাবে উল্লেখ করা হয়ে থাকে।এগুলি মূলত অনলাইন প্রতারণার ফাঁদ যেগুলিতে প্রতারকের তরফে এমন ধরনের বার্তা পাঠানো হয়, যেটি দেখে মানুষ ভয় পেয়ে যান।
ফাঁদে পড়ে প্রতারিত ব্যক্তিরা তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে দেন।এমন ক্ষতিকারক সফটওয়ার বা ওয়েবসাইটের লিঙ্ক প্রদান করা হয় যাতে কয়েকটি ক্লিক করলেই আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফাঁকা হয়ে যেতে পারে।ইন্ডিয়া পোস্ট অফিস জানিয়েছে এধরনের ম্যাসেজ একদমই ভুয়ো।কখনই এই ধরনের কোনও লিঙ্ক তারা ম্যাসেজের মাধ্যমে পাঠায় না।অপরিচিত লিঙ্ক বা অপরিচিত ব্যক্তির কাছে কোনওভাবেই আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।
সম্প্রতি দেশ জুড়ে ডিজিটাল অ্যারেস্ট-এর মতো ঘটনা নিয়ে চিন্তিত প্রশাসন।ফোন করে বা অন্য কোনও উপায়ে ওটিপি নম্বর জেনে নিয়ে টাকা হাতানোর কৌশল এখন পুরনো হয়ে গিয়েছে।সাইবার অপরাধীরা তাই আরও উন্নত কৌশলে জাল বিস্তার করছেন।তাতে পা দিয়ে ফেলছেন ছোট থেকে বড়, অনেকেই।বার বার প্রশাসনের তরফেও সতর্ক করা হচ্ছে।
