দিন দর্পণ, কলকাতাঃ আগামীকাল ২৫শে ডিসেম্বর, বড়োদিন।কলকাতার পার্কস্ট্রিট ক্যাথিড্রাল চার্চ, বউবাজারের বো ব্যারাক বিভিন্ন জায়গায় বড়োদিনের দিনে উপছে পড়া ভিড় নজর কাড়ে।বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে, জঙ্গিদের ডুকে পড়া এড়াতে বাড়তি সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ।বঙ্গে একের পর এক জঙ্গিদের গ্রেফতারের খবর ইতিমধ্যেই সামনে আসছে।তার মধ্যে আবার শহরের অদূরে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদকে।বাংলাকে ঘিরে কোনও ছক চলছে কি না, সেই প্রশ্নও উঠছে।বাড়ছে উদ্বেগ।বড়োদিন, বর্ষবরণের কারণে জনজোয়ার নামবে কলকাতার রাস্তায়।কলকাতার গোয়েন্দা বিভাগ থেকে ইতিমধ্যে নিরাপত্তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে।কলকাতার পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় থাকছে কড়া নজর।বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো হচ্ছে।বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে লালবাজার পুলিশের।
কলকাতা শহরের প্রতিটি পুলিশ স্টেশন, ট্রাফিক সিগন্যালে নাকা চেকিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।পার্ক স্ট্রিটে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।আগের বাড়ের তুলনায় বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা।এজেসি বোস রোড, মুচিপাড়া থেকে অস্ত্র উদ্ধারের পর আরও সতর্ক পুলিশ।কলকাতা পুলিশের উইনার্স টিম কলকাতার সব চার্চ, মিলেনিয়াম পার্ক, বিড়লা প্ল্যানেটরিয়াম, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে।বাড়তি নজরদারি থাকবে সায়েন্স সিটি ও ইকো পার্কে।
কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে।বর্ষবরণের রাতে কলকাতায় কারা আসা যাওয়া করছেন, সবটায় নজর রাখবেন কলকাতা পুলিশ।কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা।পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে।প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি।প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে।
