দিন দর্পণ, নয়াদিল্লিঃ জাতীয় মানবধিকার কমিশনে দীর্ঘ সাত মাস পর নতুন চেয়ারম্যান যুক্ত হলেন।এই চেয়ারম্যান দায়িত্বে যুক্ত হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম।মানবাধিকার কমিশনের উনিশতম চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নিলেন তিনি।পাশাপাশি কমিশনের সদস্য হিসেবে জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো এবং অবসরপ্রাপ্ত বিচারপতি ডা. বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গীকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কমিশনের নয়া চেয়ারম্যান।হিমাচল প্রদেশের হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবেও কাজ করেছেন তিনি।অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতিও ছিলেন।বিচারপতি থাকাকালীন মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।নোটবন্দি নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চের সদস্য ছিলেন তিনি।সোমবার তাঁর নিযুক্তির ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।আর সেই নিয়ে তীব্র আপত্তি জানায় কংগ্রেস।লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, সর্বসম্মতিতে এই নিযুক্তি হয়নি।জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস মুরলিধর, রাজস্থান এবং ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল হামিদ কুরেশির নামও সুপারিশ করে কংগ্রেস।সেই সুপারিশও মানা হয়নি বলে অভিযোগ করেছে কংগ্রেস।
