ভারতে রোড অ্যাক্সিডেন্ট বৃদ্ধির কারণ কী!


দিন দর্পণ, নয়াদিল্লিঃ ভারতের রোড অ্যাক্সিডেন্টের ঘটনা রোজই প্রায় বেড়ে চলেছে।বৃহস্পতিবার লোকসভায় দেশের পথ দুর্ঘটনার পরিসংখ্যান সামনে এনে কিছু কথা বলেছেন কেন্দ্রের, সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গডকরি।তিনি বলেন, আমি যখন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাই, সেখানে যখন পথ দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়, আমি আমার মুখ লুকানোর চেষ্টা করি।আমি যখন প্রথম দ্বায়িত্ব গ্রহণ করি তখন আমার মূল লক্ষ্যই ছিল পথ দুর্ঘটনার সংখ্যা অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনা।দুর্ঘটনার সংখ্যা কমানোর কথা ভুলে যান, এটা যে বেড়ে গিয়েছে তা স্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই।গডকড়ি বলছিলেন, দুর্ঘটনা কমাতে সচেতন হতে ভারতীয়দের আচরণের কিছু পরিবর্তন প্রয়োজন।পাশাপাশি সমাজকে পরিবর্তন করতে হবে এবং আইনের শাসনকে সম্মান করতে হবে।

নিতিন গডকরি বলেন, পথ দুর্ঘটনার একটি বড়ো কারণ হল, রাস্তার মধ্যে ট্রাক পার্কিং করে রাখা।অনেক ট্রাক,লরি তো রাস্তার শৃঙ্খলাও মানে না।পথ দুর্ঘটনার পরিসংখ্যান সামনে এনে তিনি বলেন, দেশে বছরে ১.৭৮ লক্ষ প্রাণ যায় পথ দুর্ঘটনায়, যার মধ্যে ৬০ শতাংশেরই বয়স ১৮ থেকে ৩৪-এর মধ্যে।উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে শীর্ষে।দিল্লি অ্যাক্সিডেন্টের তালিকায় সব রাজ্যের উপরে।উত্তরপ্রদেশে ২৩,০০০ জনেরও বেশি মানুষ পথ দুর্ঘটনার কারণে মারা যান।মোট মৃত্যুর ১৩.৭ শতাংশ।তারপরেই  রয়েছে তামিলনাড়ু, যেখানে ১৮,০০০ জনের মৃত্যু হয়েছে।মহারাষ্ট্রে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০০০মোট মৃত্যুর (৯ শতাংশ)।তারপরে মধ্যপ্রদেশ, যেখানে ১৩,০০০(৮ শতাংশ)জনের মৃত্যু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *