দিন দর্পণ, নয়াদিল্লিঃ সোমবার সকালে একের পর এক বেসরকারি স্কুলে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।সোমবার সকালে সবে মাত্র স্কুলগুলি খুলেছে।বাচ্চারা আসা শুরু করেছে।পর পর স্কুল বাস গুলি আসা শুরু হয়েছিল।তারই মধ্যে এক ইমেল আসে।ওই মেলে বলা হয়েছে, স্কুলে বোমা লুকিয়ে রাখা হয়েছে।ফাটলে অনেকের ক্ষতি হয়ে যাবে।বোমা নিষ্ক্রিয় করার জন্য ২৫ লক্ষ টাকা দিতে হবে।হঠাৎ বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।হইচই পড়ে যায় স্কুল চত্বরে।তড়িঘড়ি স্কুল পড়ুয়াদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
তালিকায় রয়েছে জিডি গোয়েঙ্কা, ডিপিএস আর কে পুরমের মতো স্কুলও।এগুলি ছাড়াও দিল্লির আরও ৪০টি স্কুল এই ভুয়ো ইমেল পেয়েছে বলে যানা যায়।রবিবার রাত ১১টা ৩৮ নাগাদ এই স্কুলগুলির মেইল আইডি-তে হুমকি বার্তা আসে।স্কুলের ভিতরে বোমা বাঁধা রয়েছে, এমন কথা উল্লেখ করা হয় ওই মেইলগুলিতে।সকালে স্কুল কর্তৃপক্ষ মেল আইডি খুলতেই নজরে আসে বিষয়টি।
ইতিমধ্যেই স্কুলে পৌছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড।সপ্তাহের প্রথমদিনেই এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বোমা রাখার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ স্কুলগুলিতে পৌঁছায়।ছুটে আসে বম্ব স্কোয়াডও।ডগ স্কোয়াড ও দমকলও উপস্থিত হয়েছে।বর্তমানে স্কুলগুলিতে তল্লাশি চলছে।ফাঁকা করে দেওয়া হয়েছে এলাকা। এদিকে, ইমেইলগুলো কে, কোথা থেকে পাঠিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির সেনা স্কুলের কাছে একটি বিস্ফোরণ হয়।ফাটল ধরে স্কুলের দেওয়ালে।ঘটনাস্থল থেকে সাদা রঙের গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছিল।পুলিশ জানিয়েছিল, সেগুলি বিস্ফোরক।সেই কারণে আরও দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।
