দিন দর্পণ, কলকাতাঃ আদি শহর কলকাতার মাথায় এবার সেরা শিরপা।দেশের মধ্যে সেরা বিজ্ঞানের শহর হিসাবে গণ্য হয়েছে কলকাতা।বাংলার ঐতিহ্যপূর্ণ বিজ্ঞান গবেষণা ও পঠনপাঠনের জন্য কলকাতা বিজ্ঞান নগরী হিসাবে আখ্যান পেয়েছে।বিখ্যাত নেচার পত্রিকায় বিষয়টি প্রকাশিত হয়েছে।পত্রিকায় প্রকাশিত তালিকা অনুযায়ী, সমগ্র বিশ্বে কলকাতা ৮৪তম স্থানে অবস্থান করে চলেছে ।কিন্তু ভারতের মধ্যে অর্থাৎ দেশে সর্বপ্রথম স্থান দখল করেছে কলকাতা।
বিশ্বের বিভিন্ন শহর থেকে প্রকাশিত গবেষণা পত্রের গুণমান এবং সংখ্যার ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে নেচার ইনডেক্স।বিজ্ঞান গবেষণার নিরিখে এই শিরোপা রাজ্যের এক বিরাট প্রাপ্তি বলা চলে।এই তথ্য প্রকাশ্যে আসার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, রাজ্যের উচ্চশিক্ষা ও গবেষণার কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত প্রেরণা ও কঠোর পরিশ্রমের ফল হিসাবে বাংলা এই সম্মান পাওয়ার যোগ্যতা দেখাল।জয় বাংলা, জয় বিজ্ঞান।বলাবাহুল্ল্য, রাজ্যের উচ্চশিক্ষা ও পঠনপাঠন এবং গবেষণার কাজে যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেশ ছাড়িয়ে বিশ্বের মাটিতেও পা রেখেছে।
ঐতিহ্যশালী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বহু নামী গবেষক কাজ করে গেছেন।বসু বিজ্ঞান মন্দির, মেঘনাদ সাহা ইনস্টিটিউটে একাধিক গবেষণাপত্র বিশ্বের নামী জার্নালগুলিতে প্রকাশিত হয়েছে।বর্তমানে উচ্চশিক্ষার হার তুলনামূলকভাবে অন্যান্য রাজ্য থেকে এগিয়ে রয়েছে।উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাজ্য সরকারের বরাদ্দ বেড়েছে এবং সেই সঙ্গে বেড়েছে পঠনপাঠনের মানও।বিজ্ঞান নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে প্রতি বছর এই উদ্যোগ নেয় রাজ্য সরকার।এছাড়াও মেধাবীদের জন্য বেশ কয়েকটি স্কলারশিপ চালু রয়েছে পশ্চিমবঙ্গে।আর সেক্ষেত্রেই আজ কলকাতা শ্রেষ্ঠ বিজ্ঞান নগরী।
