দিন দর্পণ, কলকাতাঃ বাসের রেষারেষি বন্ধে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আনতে চলেছে রাজ্য।মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক ডেকে বাসের রেষারেষি বন্ধে একাধিক পদক্ষেপের কথা জানান পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।বেপরোয়া ভাবে গাড়ি চালালে খুনের মামলা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমনকি নিয়ম না মানলে বাসচালকদের কমিশন বন্ধ করে দেওয়ার কথাও বলেছেন।সম্প্রতি, কলকাতা সল্টলেকে বাসের রেষারেষিতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়।এই ঘটনাকে কেন্দ্র করেই কড়া পদক্ষেপ রাজ্যের। এই সিদ্ধান্ততে চিন্তিত বাস মালিকদের সংগঠন।তারা বলেন, একাংশ চালক রেষারেষি করে ঠিকই– সব সময় যে চালকের ভুলেই দুর্ঘটনা ঘটে তা কিন্তু নয়।বহুক্ষেত্রে দুর্ঘটনার নেপথ্যে থাকে পথচারী বা অন্য গাড়ির ত্রুটিও।
ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন– এই নিয়মের ফলে কেউ আর বাস চালাতেই চাইবে না।সিটি সুবারবান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন– দুর্ঘটনা হলেই চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজুর যে কথা বলা হয়েছে, সেটা বিবেচনার আর্জি জানানো হবে।এমনিতেই বাস চালাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলে চালকদের লাইসেন্স ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয।এই নিয়ম আগে থেকেই রয়েছে। ফলে সংশ্লিষ্ট চালকের পরিবারের ভারও মালিকের ওপর এসে পড়ে।খুনের মামলার পরিবর্তে বাস চালকদের সচেতন করতে প্রতি মাসে একটি করে শিবির করুক বলে দাবি বাস সংগঠনের।
