দিন দর্পণ, কলকাতাঃ ঘৃণা ভাষণের জন্য ফের বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াশাঁকো থাকায় ডেপুটেশন দিলেন স্থানীয়রা। উস্কানিমূলক বক্তৃতা দেওয়ায় অভিযোগ তুলে মিঠুনের বিরুদ্ধে ডেপুটেশন স্থানীয়দের। এই ঘটনায় গত বুধবার বিধাননগর দক্ষিণ থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। এফআইআর করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
গত ২৭ অক্টোবর অমিত শাহের সামনে সভায় দাঁড়িয়ে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তীর দেওয়া বক্তৃতা নিয়ে গত কয়েকদিন ধরে ওয়াকিবহাল মহলে জোর চর্চা চলছে। মঞ্চে পরপর মিঠুন যেসব কথা বলেছিলেন, রাজনীতিকরা তাকে ‘হেট স্পিচ’-এর বাইরে কিছু বলতে চাননি।
মিঠুন বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, সব করব। এই সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। এদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এমন একদিন আসবে, যখন আমি তোমাকে কেটে তোমার জমিতে পুঁতে দেব। ভাগীরথী নয়, ভাগীরথীর পূণ্য মা।’
শুধু তাই নয়, তিনি বলেন ‘আমাদের বাগানের একটা ফল ছিঁড়লে, আমরা চারটা ছিঁড়ব।’ আর এহেন বক্ত্যবকেই রাজনৈতিক আলোচকরা উস্কানিমূলক মন্তব্য হিসাবেই দেখছেন। ঘটনায় সোমবার বিধাননগর সাউথ থানার কৌশিক সাহা নামের এক ব্যক্তি আগেই অভিযোগ দায়ের করেছিলেন। এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন জমা পড়ল।
