সুপর্ণা দে, ২৪.০২.২৪ সময়ঃ ০২.২৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
আগামী ৩ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ তার আগে শনিবার সব জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
সব জেলাকে প্রতিদিনের পুঙ্খানুপুঙ্খ আইন-শৃংখলা বিষয়ক রিপোর্ট তৈরি করে তা নিয়মিতভাবে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলার দিকে বিশেষ নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। তাই ফুল বেঞ্চ যে সব জেলার আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট চাইবে, তা বলাই বাহুল্য। সেজন্য আগেভাগে প্রস্তুতি সেরে রাখছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন বলে সূত্রের খবর৷
উল্লেখ্য, শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৪ মার্চের পরিবর্তে ৩ মার্চ রাজ্যে আসছে ফুল বেঞ্চ৷ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ৫ মার্চ পর্যন্ত রাজ্যেই থাকবে কমিশনের ফুল বেঞ্চ৷ ফুল বেঞ্চে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের সঙ্গে ১২ জন নির্বাচনী আধিকারিকও আসছেন রাজ্যে৷
জানা গিয়েছে, ৩ মার্চ রাজ্যে পৌঁছেই সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন৷ এরপর আগামী ৪ মার্চ সকাল থেকেই দফায় দফায় চলবে বৈঠক৷ ঐদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রাজীব কুমার এবং অন্য আধিকারিকদের৷ এই বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ কমিশনের অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে ১৫ মিনিট করে বৈঠক করা হবে৷ ৪ মার্চ বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সব নির্বাচনী আধিকারিক, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ ৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক হবে৷ এরপর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ৷ তারপর বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ২ দিনে কী কী হল এবং কতখানি কাজ এগলো- এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবে জাতীয় নির্বাচন কমিশন৷ ঐ দিনই ফুল বেঞ্চ দিল্লির উদ্দেশে রওনা দেবেন৷
