LANGUAGE DAY BISWAVARATI- গানে গানে বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


সুপর্ণা দে, ২১.০২.২৪ সময়ঃ ০৪.২৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল বিশ্বভারতীতে৷ অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশি পড়ুয়ারাও। প্রথমে প্রভাত ফেরি তারপর শহিদ স্মরণ এবং শেষে গানে গানে সম্পন্ন হয় অনুষ্ঠান। আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করা হয়৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক৷ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভবনের আধিকারিক মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর ভট্টাচার্য প্রমুখ৷ ওপার বাংলার পড়ুয়ারা বলেন, দিনটির গুরুত্ব ভাষায় প্রকাশ করা যাবে না৷ এপার বাংলায় দিনটি  উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে। যদিও এই ভাষা দিবস আজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ভাষা দিবস।

উল্লেখ্য, ১৯৪৭ সাল থেকে বাংলাদেশে শুরু হয় ভাষা আন্দোলন।  যা চরমে পৌঁছয় ১৯৫২ সালে৷ ১৪৪ ধারা ভেঙ্গে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য পথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ নির্বিচারে তাদের উপর গুলি চালায় পুলিশ। তারপর থেকে ভাষার জন্য শহিদদের স্মরণে এই দিনটি পালিত হয় ভাষা দিবস হিসাবে৷ পরে মেলে আন্তর্জাতিক স্বীকৃতি৷ ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *