সুপর্ণা দে, ১৯.০২.২৪ সময়ঃ ১১.০৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস৷ আগামীকাল তিনি দেখা করবেন সন্তানহারা পরিবারের সদস্যদের সঙ্গে৷
উত্তর দিনাজপুরের চোপড়ায় ড্রেনে পড়ে ৪ শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যে তৈরী হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ এই ঘটনাকে বি.এস.এফের গাফিলতি বলে উল্লেখ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ ইতিমধ্যে তৃণমূলের এক প্রতিনিধি দল এনিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি জানিয়েও এসেছেন৷ সেই মতো চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ আজ রাত ১০টা ৫-এর ১২৩৪৩ দার্জিলিং মেলে উঠবেন তিনি৷ নামবেন কিষাণগঞ্জ স্টেশনে৷ আগামীকাল অর্থাত্ মঙ্গলবার সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন৷ কথা বলবেন প্রশাসনের সঙ্গে৷
রাজভবন সূত্রে খবর, দিন কয়েক আগে রাজ্যপাল চোপড়া যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়ে পাঠিয়েছিলো। কিন্তু, সেই চিঠিতে কিছু সংশোধনের কথা জানায় নবান্ন। নবান্নের কথা মেনে পুনরায় রাজভবন থেকে সংশোধিত চিঠি পাঠানো হয়। তারপরও রাজভবনের কোনো সাড়া দেয়নি নবান্ন। অগত্যা রেল ও সড়ক পথে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
