বাবলি সরকার, ১৭.০২.২৪ সময়ঃ ০৩.০৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শনিবার সকালে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের ইংরেজবাজারে৷ একদিকে, ইংরেজবাজারের কাটাগড় এলাকায় উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত দেহ৷ অন্যদিকে, পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনে অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে৷ দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে মালদার কুলিপাড়া এলাকায় চন্দু পাসোয়ান ছুরিবিদ্ধ হন৷ চন্দুরা ৫ ভাইবোন৷ চন্দুর বড় ভাই বিকাশ পাসোয়ান মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন রাতে৷ বিকাশের জুয়া খেলার নেশা ছিল বলে৷ এ নিয়ে পরিবারের প্রায়শই গন্ডগোল লেগে থাকত৷ গতকাল রাতেও তাই হয়েছে৷ সেই সময় চন্দু দুই ভাইকে ছাড়াতে গিয়ে ছুরিবিদ্ধ হন৷ তৎক্ষণাত চন্দুকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসকরা চন্দুকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে ঘটনার পর থেকে বিকাশ এবং পাপন পলাতক বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা৷
অন্যদিকে, শনিবার সকালে ইংরেজবাজারের কাটাগড় এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ স্থানীয়দের অভিযোগ, গলা কেটে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম সুর রহমান৷ বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়৷ তিনি ইংরেজবাজারের পাতালচণ্ডী এলাকায় পুকুর পাহারা দেওয়ার কাজ করতেন৷ এই ঘটনায় কাটাগড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা৷ তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।
দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
