সুপর্ণা দে, ১৭.০২.২৪ সময়ঃ ০৪.০৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগে মেয়াদ শেষের আগেই বদলি করা হল বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকারকে৷ খড়্গপুরে হিজুলির স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর পদে সরানো হয়েছে৷ তাঁর জায়গায় আনা হল বাঁকুড়া দক্ষিণ ডিভিশনের ডিএফওই বিজয় কুমারকে৷ যদিও বদলির বিষয়টি সম্পূর্ণ রুটিং বদলি বলে দাবি করেছেন বন দফতরের আধিকারিকরা৷
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ছাড়াও বন দফতরের বেশ কয়েকজন আইএফএস ও ডব্লুবিএফএস আধিকারিককেও বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ দফতর পরিচালনার জন্য উত্তরবঙ্গ থেকে কয়েকজন অভিজ্ঞ বন আধিকারিকদের দক্ষিণবঙ্গে বদলি করা হয়েছে বলে সূত্রের খবর৷
সূত্রের খবর, কমল সরকারের নামে পার্কে কাজের বরাত পাইয়ে দেওয়া, পর্যটকদের সাফারির জন্য বাইরে থেকে গাড়ি ভাড়ায় কমিশন নেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছিল৷ একবার ত্রিপুরা চিড়িয়াখানা থেকে নিয়ম না-মেনে প্রাণী বিনিময় করতে গিয়ে বড়সড়ো দুর্ঘটনা ঘটেছিলো৷ তাতে গাড়ির চালক-সহ পার্কের দুই কর্মীর মৃত্যু হয়৷ গুরুতর জখম হন রেঞ্জার৷ এরপর ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা সিংহ দম্পত্তির নাম নিয়েও বিস্তর জলঘোলা হয়৷
