বাবন ধুঁয়া, ১৩.০২.২৪ সময়ঃ ০৪,৪৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অসাধারণ দেখতে নীল-সাদা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশবাসীর মন জয় করে নিয়েছে। এবার আসতে চলেছে দ্রুত গতির বুলেট ট্রেন।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে বুলেট ট্রেনের জন্য ৩টি গোল্ডেন রুটের রূপরেখা স্থির করেছেন।বিশ্বমানের প্রযুক্তি-নির্ভর বুলেট ট্রেন যেমন বুলেটের গতিতে ছুটবে, তেমনই ট্রেনটি দেখতেও হবে বিদেশি ট্রেনের মতো। যা দেখলে ভারতীয় ট্রেন বলে মনেই হবে না। বুলেট ট্রেনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।যেখানে দেখা যাচ্ছে, মেরুন-সাদা রঙের ট্রেনটি দেখতে অবিকল বিদেশি ট্রেনের মতো।এটি মুম্বই-আহমেদাবাদ রুটে চালু হচ্ছে। মাত্র ২ ঘণ্টাতেই ৫০৮ কিলোমিটার পৌঁছে যাবে এই ট্রেন। ট্রেনের প্রাথমিক গতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার। বুলেট ট্রেনের জন্য আলাদা করিডর করা হচ্ছে। যা ২৪টি নদী সেতু, ২৮টি স্টিল ব্রিজ ও ৭টি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে।
দেশের বুলেট ট্রেনকেমার্ভেল অফ ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ারিং এবং ভবিষ্যৎ ভারতের দৃষ্টান্ত বলেও ভিডিয়োতে উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ভিডিয়োটির শিরোনামে লিখেছেন, “আমরা স্বপ্নকে বাস্তবের রুপ দিই। মোদী-৩.০ জমানা.য় আসছে বুলেট ট্রেন।”
প্রাথমিকভাবে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হলেও আরও ৩টি গোল্ডেন রুটের রূপরেখা স্থির করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই তিনটি রুটের মধ্যে রয়েছে-১,৪৭৪ কিমি দীর্ঘ দিল্লি-কলকাতা. ১,৪০২ কিমি দীর্ঘ দিল্লি-মুম্বই এবং ১,৩১৭ কিমি দীর্ঘ মুম্বই-চেন্নাই। বলা যায়, মুম্বই-আহমেদাবাদের সঙ্গে আরও এই তিনটি রুট জুড়ে বুলেট ট্রেনের মাধ্যমে দেশকে চতুর্ভুজের মাধ্যমে জুড়তে তৎপর ভারত সরকার।
