বাবন ধুঁয়া, ১০,০২,২৪ সময়ঃ ০৫,১৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ
লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। দিন ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শাসক-বিরোধী উভয় পক্ষই জোটরফা চূড়ান্ত করতে ব্যস্ত। একদিকে শাসক চায় গদি ধরে রাখতে অন্যদিকে, বিরোধী শিবির শাসককে গদিচ্যূত করতে নানা ছক কষছে। বিরোধী দলগুলিকে নিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া ব্লক। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই জোট দুর্বল হয়ে পড়লেও কংগ্রেস এখনও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব দানের জন্য রাহুল কতটা উপযুক্ত? সেই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে সর্বভারতীয় এক ইংরাজি দৈনিকের জাতীয় জনমত সমীক্ষায়।
জনমত সমীক্ষা অনুযায়ী বেশির ভাগ ভোটারই রাহুলকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব প্রদানের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেছেন। জনগণের মতামত পেতে সমীক্ষাটি চালানো হয়েছে সবগুলি লোকসভা কেন্দ্র এলাকা। ৩৫,৮০১ জন সমীক্ষায় অংশ নিয়েছিলেন। ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে ২৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত জাতীয়স্তরে এই জনমত সমীক্ষাটি চালানো হয়েছিল। গত মাসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম ইন্ডিয়া ব্লকের চেয়ারপার্সন হিসেবে উঠে আসে। তবে এই জনমত সমীক্ষা অনুযায়ী জরিপে অংশগ্রহণকারী মাত্র ৬ শতাংশ মানুষ খাড়গেকে বিরোধী ব্লকের নেতৃত্ব দেওয়ার পক্ষে উপযুক্ত বলে মনে করেছেন। বিরোধী জোট ইন্ডিয়া প্রায় ২৪টি দল নিয়ে গঠিত। ইন্ডিয়া জোটের নেতৃত্ব দানে আর কারা বেশি উপযুক্ত সেই প্রশ্নে রাহুলের পরেই রয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় অংশ নেওয়া ১৭ শতাংশ জনগণ মনে করেছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব প্রদানের জন্য উপযুক্ত হলেন কেজরিওয়াল বা মমতা।
অপর দিকে অন্য আর একটি সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ ভোটার বিরোধী নেতা হিসাবে রাহুল গান্ধির পারফরম্যান্সকে খারাপ বলে মনে করেন। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩৫ শতাংশ জনগণের মতে প্রাক্তন কংগ্রেস প্রধানের পারফরম্যান্স ‘খারাপ’ ছিল। অন্যদিকে, ২৩ শতাংশ ভোটার ‘খুবই উপযুক্ত’ বলে মনে করেছেন রাহুলকে। লোকসভা ভোটের আগে জনসংযোগে মন দিয়েছেন রাহুল। পনেরোটি রাজ্য, ১১০টি জেলা, ৬,৭১৩ কিলোমিটার রাস্তা, ৬৬ দিনের কর্মসূচি – লোকসভা ভোটের আগে জোরকদমে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হয়ে গিয়েছে। জনসংযোগ বাড়াতে তাঁর এই যাত্রা কি আদৌ কাজে আসবে? ওই জনমত সমীক্ষা অনুসারে, প্রায় ৩২ শতাংশ ভোটার বলেছেন, রাহুলের এবারের যাত্রা লোকসভা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। ২৫ শতাংশ মানুষ মনে করেন, এটি একটি দুর্দান্ত রাজনৈতিক পদক্ষেপ। ২০ শতাংশের মতে, এই যাত্রার ফলে রাহুল জনগণের দৃষ্টি আকর্ষণ করবেন। ১১ শতাংশ জনগণের মতে, যাত্রাটি শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি তুলে ধরা ছাড়া আর কিছু নয়। ভোটাররা কি রাহুলের পদযাত্রায় ভোট দেবেন? সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৮ শতাংশ না বলেছেন ৩৭ শতাংশ ভোটার হ্যা বলেছেন। সমীক্ষায় অংশগ্রহনকারীদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ প্রায় ৪২ শতাংশের মতামত আগের যাত্রার ফলেও রাহুলের সেভাবে কোনও উন্নতি হয়নি। মাত্র ৩৫ শতাংশ ভোটার ইতিবাচক উত্তর দিয়েছেন।
তবে জনমত সমীক্ষা যাই বলুক, বর্তমান অবস্থার প্রেক্ষিতে ইন্ডিয়া জোটেকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নেতা বা নেত্রী কে, সে বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের যথেষ্ট সংশয় রয়েছে।
