FIFA- ১১ জুন শুরু হবে  ২০২৬ ফুটবল বিশ্বকাপ


দিন দর্পণ, ৫ ফেব্রুয়ারি: কাতার বিশ্বকাপ শেষ হওয়ার একবছরের মধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে দামামা বেজে গেল। সামনের বার তিনটি দেশ, আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় হবে ফুটবলের মেগা ইভেন্ট। ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর আজটেক স্টেডিয়ামে।

ফাইনাল হবে ১৯ জুলাই আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সামনের বার বিশ্বকাপ হবে মোট ৩৯ দিনের। তিন দেশের ফুটবল ইভেন্ট হবে ৪৮ দলের। গতবার ৩২ দলের টুর্নামেন্ট হয়েছিল। মোট ম্যাচ হবে ১০৪টি। তিন দেশ মিলিয়ে ১৬টি মাঠে খেলা হবে আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলি।

২০২৬ সালের বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের মধ্যে কানাডায় আয়োজন করা হবে ১১টি ম্যাচ। এর মধ্যে টরেন্টো ও ভ্যাঙ্কুভারে ১০টি ম্যাচই হবে গ্রুপ পর্বের। মেক্সিকোতেও হবে মোট ১৩টি ম্যাচ। দেশটির রাজধানীর দুটি ভেন্যু গুয়াদালাজা ও মনটেরিতে হবে ম্যাচগুলো। এর মধ্যে ১০টি ম্যাচ হবে গ্রুপপর্বের। আসরের বাকি ম্যাচগুলোর সবই হবে আমেরিকার মোট ১১টি শহরে।

ফিফার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, ‘সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং প্রভাবশালী ফিফা বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা। যা কানাডা, মেক্সিকো এবং আমেরিকার অত্যাধুনিক ১৬টি স্টেডিয়ামে খেলা হবে।

যে শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচগুলি হবে, সেগুলি হল, আটলান্টা, বোস্টন, ডালাস, গুয়াদালাজারা, হিউস্টন, ক্যানসাস সিটি, লস এঞ্জেলস, মেক্সিকো সিটি, মিয়ামি, মন্টেরে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরেন্টো ও ভ্যাঙ্কুভার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *