সুপর্ণা দে, ০২.০২.২৪ সময়ঃ ০৫.০২
দিন দর্পণ ডিজিটালে ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন, ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে শুক্রবার থেকে ২ দিনের জন্য রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন। এদিন দুপুর একটা থেকে ধর্না শুরু করার কথা থাকলেও মিনিট দশেক আগেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ধর্নায় বসার আগে আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। ধর্না মঞ্চের পেছনেই একটি শিবির স্থাপন করা হয়েছে, সেখান থেকেই জরুরি কাজকর্ম সারছেন মুখ্যমন্ত্রী৷ বলা বাহুল্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারির ১ তারিখের মধ্যে বকেয়া টাকা না পেলে ধর্নায় বসবে, তো যেমন কথা তেমন কাজ৷ তাঁর সঙ্গে ধর্না মঞ্চে রয়েছে শাসকদলের প্রতিনিধিরা৷ এ দিন ধর্নার শুরুতেই দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, এই ধর্না বা ধর্নায় আগত মিছিলের জন্য যাতে সাধারণ মানুষকে কোনও ভোগান্তি বা হয়রানির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে৷ যাঁরা মিছিল নিয়ে ধর্নামঞ্চে আসবেন, তাঁরা যাতে গাড়ি চলাচলের ব্যস্ত রাস্তা ব্যবহার না করেন, সেই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
