সুপর্ণা দে, ২৭.০১.২৪ সময়ঃ ১১.৩৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এবার আরও ঠান্ডার পড়ার ইঙ্গিত মিলল আবহাওয়া দফতরের পূর্বাভাসে৷ পৌষ সংক্রান্তির পরে বৃষ্টির হাত ধরে ঠাণ্ডার কনকনানি চলতি সপ্তাহের শুরুতে পাওয়া গিয়েছিল। গত দুদিন সেভাবে ঠাণ্ডা না পাওয়া গেলেও ফের শীত বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে। পারদ ফের নীচে নেমে সর্বনিম্ন ১৩ ডিগ্রিতে দাঁড়িয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে৷ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়েও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সব মিলিয়ে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফলে চলতি মাসের শেষে শীতের দাপট কিছুটা হলেও মালুম হবে। কলকাতা এবং আশোপাশের অঞ্চলে শনিবার ভোরে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ রৌদ্রজ্বল থাকতে পারে। উল্লেখ্য, চলতি সপ্তাহে মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল৷ ফলে রাজ্যবাসী শীতের আমেজ চেটে-পুটে উপভোগ করেছে৷ যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে৷
