সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ১২.০০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মেঘ কাটতেই ফের ঝোড়ো ব্যাটিং শীতের। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। আজ সকালেও কলকাতা ও শহরতলিতে বেশ ভাল টের পাওয়া গিয়েছে শীতের দাপট। জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি আরও বেশি করে টের পাওয়া গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস কম। একইসঙ্গে জেলাগুলিতেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত শীতের মাঝে আর কোনও অকাল বৃষ্টির আশঙ্কা নেই। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।
উল্লেখ্য, মাঝে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে বাধা পাচ্ছিল বাংলার পারা পতন। তবে মেঘ কেটে যেতেই খেলা ঘুরতে শুরু করে দিয়েছে।
উত্তরবঙ্গেও দাপিয়ে ব্যাটিং শীতের। বলা চলে শীতের শেষ বেলায় চরমতম অনুভূতি ঠাণ্ডার। আপাতত সেখানে ঠাণ্ডা কমার কোনো লক্ষণ নেই। বৃষ্টিও চলবে। জারি থাকবে তুষারপাত।
