পরিস্থিতি মাথায় রেখে দল নির্বাচন করতে হবে রোহিত


বেঙ্গালুরু, ১৮ জানুয়ারি, চলতি বছরে ১জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হবে। তার আগে আফগানদের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ সদ্য শেষ করল টিম ভারত। এর পর আইপিএলের ফর্ম দেখে দল নির্বাচন হবে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পর দল নিয়ে আভাস দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন করতে বসলে সবাইকে খুশি করা যাবে না, বলেন রোহিত। চোটপ্রবণ হার্দিক পান্ডিয়া বা অফ ফর্মে থাকা সঞ্জু স্যামসনদের দিকে ইঙ্গিত করেছেন রোহিত, এর থেকে পরিষ্কার।

ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচের কথা মাথায় রেখেই দল নির্বাচন করা হবে। রোহিতের কথায়, ‘এখনও ১৫ জনের দল নির্বাচন হয়নি। কিন্তু ৮-১০ জন ক্রিকেটার এখন থেকেই আমাদের মাথায় রয়েছে। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে দলের কম্বিনেশন নিয়ে ভাবব। ওয়েস্ট ইন্ডিজের পিচ মন্থর। তাই সে রকমই দল বাছতে হবে। আমি এবং কোচ রাহুল দ্রাবিড় যথাসম্ভব স্বচ্ছতা রেখে চলেছি। ক্রিকেটারদের বুঝিয়ে বলি কেন তাদের নেওয়া হয়েছে বা কেন তাদের নেওয়া হল না।’

তার পরেই রোহিত বলেন, সবাইকে খুশি করা যাবে না। দলের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। ‘নির্বাচনে সবাইকে খুশি করতে পারব না। অধিনায়ক হিসাবে এটাই শিখেছি। ১৫ জনকে খুশি রাখতে পারি। কিন্তু আরও ১১ জন থাকবে যারা খুশি হবে না। যে চার জন রিজার্ভ বেঞ্চে থাকবে তাদের মনেও প্রশ্ন আসতে পারে যে কেন তারা খেলছে না। সবাইকে খুশি রাখা যাবে না এটা বুঝেছি। তাই দলের স্বার্থ সবার আগে মাথায় রাখি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *