JALLIKATTU EVENT- জাল্লিকাট্টু দেখতে এসে প্রাণ হানি


বাবন ধুঁয়া, ১৭.০১.২৪ সময়ঃ ০৫.২৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টু দেখতে গিয়ে ষাঁড়ের গুঁতো খেয়ে মৃত্যু হল এক শিশু-সহ দু’জনের। বুধবার, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গায়। সর্বভারতীয় এক সংবাদ চ্যানেলের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ষাঁড় কয়েক জনের উপর দিয়ে দৌড়ে চলে যায়। তাতেই গুরুতর আঘাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে।ঐতিহ্যবাহী পোঙ্গল উৎসব চলাকালীনই আয়োজিত হয় ষাঁড়কে বাগে আনার খেলা। স্থানীয় পরিভাষায় যার নাম জাল্লিকাট্টু। দক্ষিণের রাজ্যে অত্যন্ত জনপ্রিয় এই খেলায় ঝুঁকির সম্ভাবনা অত্যন্ত বেশি। অতীতে এই খেলা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। কিন্তু জাল্লিকাট্টু থামেনি। মঙ্গলবারও এই খেলা চলাকালীন আহত হয়েছিলেন অন্তত ৬০ জন মানুষ।জানা গিয়েছে, জাল্লিকাট্টু শেষ হয়ে যাওয়ার পর ষাঁড়ের মালিকেরা যখন নিজেদের ষাঁড়কে ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় করছেন, তখনই দুর্ঘটনা ঘটে যায়। আচমকাই ষাঁড়গুলি দৌড়তে আরম্ভ করে। তার মধ্যে কয়েকটি ষাঁড় জাল্লিকাট্টু দেখতে আসা দর্শকদের উপর দিয়ে দৌড়ে যায়। তাতে দর্শকরা আহত হন। তাদের মধ্যেই মৃত্যু হয় একটি শিশু-সহ দু’জনের। জানুয়ারির মাঝামাঝি সময়ে পোঙ্গল ফসল কাটার সময় জাল্লিকাট্টু খেলা হয়। এভাবেই গবাদি পশুর পুজো করা হয়। যদিও জাল্লিকাট্টু একটি বিপজ্জনক খেলা। এই খেলায় একটি ষাঁড়কে ভিড়ের মাঝে ছেড়ে দেওয়া হয়। জাল্লিকাট্টু খেলায় খেলোয়াড়দের মুক্ত ষাঁড়কে নিয়ন্ত্রণ করতে হয়। জাল্লিকাট্টু ইরু, থাঝুভুথাল এবং মানাকুভিরাত্তু নামেও পরিচিত। এই খেলার বিজয়ীদেরকে সাইকেল, বাইক, জামাকাপড়, গয়না এবং টাকা দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *