SACHIN- ভুয়ো ভিডিয়োয় ক্ষুব্ধ তেন্ডুলকর


১৫.০১.২৪ সময়ঃ ০৫.১৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভুয়ো ভিডিয়ো নিয়ে ক্ষুব্ধ প্রকাশ করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তাঁর এবং কন্যা সারা তেন্ডুলকরের একটি ভুয়ো ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের ঘটনাকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মাস্টার ব্লাস্টার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন সচিন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, সারা একটি অনলাইম গেম খেলছেন। যার মাধ্যমে রোজগার করা যায়। ভিডিয়োয় সচিনকেও দেখা যাচ্ছে পিছন দিকে। সেই ভিডিয়োয় তাঁদের মুখে ব্যবহার করা হয়েছে অন্য কারও কন্ঠস্বর। ভুয়ো ভিডিয়োটি নজর এড়ায়নি সচিনের। এই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তিনি সরব হয়েছেন। প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচিন।

‘এই ভিডিয়োগুলো ভুয়ো। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্ত লাগে। এই ধরনের ভিডিয়ো, বিজ্ঞাপন এবং অ্যাপগুলোর বিরুদ্ধে প্রচুর পরিমাণে রিপোর্ট করার জন্য সবাইকে অনুরোধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও সতর্ক হতে হবে। অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত তাদের। ভুল তথ্য এবং ডিপফেকস বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অত্যন্ত দ্রুত পদক্ষেপ করা গুরুত্বপূর্ণ।’ বলেন সচিন।

 সচিন তাঁর এই বার্তার সঙ্গে মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিভাগকেও যুক্ত করেছেন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও যুক্ত করেছেন তাঁর বার্তার সঙ্গে। সচিনের বক্তব্য, এই ধরনের অনভিপ্রেত ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *