BUDGET SESSION- ৩১ এ শুরু বাজেট অধিবেশন, ১ তারিখ ভোট অন অ্যাকাউন্ট


বাবন ধুঁয়া, ১১.০১.২৪ সময়ঃ ২.৫০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ন’দিন পরে, আগামী ৩১ জানুয়ারি শুরু হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় দফায় সংসদের শেষ বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্র্বতী বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইমতো সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। অধিবেশনের দ্বিতীয় দিন অন্তর্র্বতী বাজেট পেশ করা হবে। তারপর এক সপ্তাহ সেটা নিয়ে আলোচনা চলবে। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ৩১ জানুয়ারি অর্থাৎ অধিবেশন শুরুর দিন দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সংক্ষিপ্ত অধিবেশন হওয়ায় বড় কোনও বিল এবার পেশ করবে না সরকার। তাছাড়া এখনও সংসদের দুই কক্ষ থেকে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়ে আছেন। অধিবেশনের আগে তাঁদের সাসপেনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি সেটাও দেখার। চলতি বছরই লোকসভা ভোট। তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। সচরাচর ভোট অন অ্যাকাউন্টে বড় কোনও ঘোষণা সরকার করে না। কিন্তু ২০১৯ সালেও সেই রীতি ভঙ্গ করে বড়সড় করছাড় ঘোষণা করেছিল মোদি সরকার। ২০২৪ সালেও তার ব্যতিক্রম হবে না বলেই বাজেট বিশেষজ্ঞদের একাংশের ধারণা। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মূলত মহিলা কৃষকদের রোজগার বাড়ানোর জন্য বড় ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে এই মুহূর্তে বাৎসরিক ৬ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের। মহিলা কৃষকদের জন্য সেটা বাড়িয়ে বছরে দ্বিগুন অর্থাৎ ১২ হাজার টাকা করে দিতে পারে মোদি সরকার। আর সেই ঘোষণা হতে পারে বাজেট থেকেই। এছাড়াও পেট্রোল-ডিজেলের দাম কমানোরও একটা সম্ভাবনা রয়েছে।

————-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *