ভারতে  রাঁধুনি নিয়ে আসছেন স্টোকসরা!


লন্ডন,৫ জানুয়ারি: এমন রীতি সাধারণত ফুটবল টিমের। রাগবি টিমও বিদেশ সফরের সময় এই একই পথে হাঁটে। এ বার সেই রাস্তাতেই হাঁটছে ইংল্যান্ডের ক্রিকেট টিমও। উপমহাদেশে লম্বা সিরিজের সময় পেটের গোলমাল থেকে বড় রকমের অসুস্থতা নতুন নয়। তা সামলেই খেলতে হয় ক্রিকেটারদের। তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ে। ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বেন স্টোকসের টিম। মাঠের বাইরের ঘটনায় যাতে এই সিরিজে কোনও প্রভাব না ফেলে, সে দিকে নজর রাখার জন্যই রাঁধুনি ভারতে পা রাখছে ইংল্যান্ডে। এতে অবশ্য বিসিসিআইয়ের আপত্তির কোনও কারণ নেই। রাঁধুনির খরচ আলাদা করে জোগাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই।

গত বছর পাকিস্তান সফর থেকেই এই অভিনব পথে হাঁটতে শুরু করেছে ইংল্যান্ড। বাবর আজমদের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ খেলতে রাঁধুনি নিয়েই ওই দেশে গিয়েছিল তারা। তার সুফলও হাতেনাতে পাওয়া গিয়েছিল। পেটের গোলমাল বা ওই জাতীয় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি ক্রিকেটারদের। সিরিজও জিতেছিল ইংল্যান্ড। সেই কারণেই ভারত সফরেও রাঁধুনি নিয়ে আসছে তারা। এর আগে ভারত সফরে টিনের খাবার এনার্জি বার বা পিৎজার উপর ভরসা রাখতে হত ইংলিশ ক্রিকেটারদের। সেখান থেকে টিমকে বের করে এনেছেন ওমর মেজিয়ান। পাকিস্তান সফরে তিনি টিমের রাঁধুনি ছিলেন। এ বারও তিনি ভারতে পা রাখবেন টিমের হয়ে। এই ওমরকে আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হেঁসেলেও দেখা যায়। তিনি প্লেয়ারদের জন্য লাঞ্চ বা ডিনারে তাঁদের মন মতো খাবারের জোগান দেবেন। এতেই শেষ নয়, ম্যাচ চলাকালীন কী খাবেন ইংলিশ ক্রিকেটাররা, তাও ঠিক করে দেবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *