দিন দর্পণ ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শেষে অষ্ট্রেলিয়া সফর ভারতের। এখনি অজি সফরের জন্য জরুরি পরামর্শ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের। দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ। অজি সিরিজের জন্য প্রায় ১১ মাস আগে রোহিত শর্মার জন্য পরামর্শ গাভাসকরের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরিজের আগে রোহিতকে পরামর্শ দিয়ে গাভাসকর বলছেন, ঘরে বসে না থেকে প্র্যাকটিস ম্যাচ অন্তত খেলতে নেমো।
গাভাসকর বলছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ডিসেম্বরের শুরুতে। ফলে সিরিজ শুরুর আগে ভারতীয়রা যে সময় পাবে, তাতে কমপক্ষে দুটি প্রথম শ্রেণির ম্যাচ তো পাওয়ারই কথা। সেঞ্চুরিয়ন টেস্টে হারের পরে রোহিতকে বলতে শুনেছি এই ধরনের ম্যাচগুলো খুব একটা ভালো নয়। কারণ আয়োজক দেশ দ্বিতীয় সারির দল নামায়। মন্থর পিচে খেলা দেওয়া হয়। মেনে নিচ্ছি এটাই সত্যি। তবুও বলব, ঘরে বসে থাকার চেয়ে এই ধরনের ম্যাচ খেলা অনেক ভালো। ব্যাটাররাই যে কেবল রান পাবে তা নয়, বোলাররাও নিজেদের ঝালাই করে নিতে পারবে।’
সেঞ্চুরিয়নে হারের পরে কেপটাউনে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। পরের বড় সিরিজ একবছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে। লিটল মাস্টার বলছেন, ‘আগের দুটো সফরের মতো যদি অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হয়, তাহলে এখন থেকেই পরিকল্পনা করা দরকার। এফটিপি অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধ তিনটি টেস্ট ম্যাচ খেলবে।’
