সুপর্ণা দে, ০৪.০১.২৪ সময়ঃ ১২.১৭
দিন দর্পণ ডিজিটালঃ লোকসভা ভোটের আগে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। বৃহস্পতিবার সকালে ঐ তৃণমূল কর্মীর দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তাঁরাই খবর দেন খেজুরি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শম্ভু দাস। বুধবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। এনিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মীই শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গভীর রাতে। তারপরই তারাই খুন করে বলে দাবি তাদের। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খুন বলেই মত ব্লক তৃণমূল নেতৃত্বের। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
শম্ভু দাস পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত তিনি। এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিবেশ। এই ঘটনায় কয়েক জনকে ডেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
