KEJIWAL SKIPS ED SUMMONS- ৩য়বার ইডির সমন এড়ালেন কেজরিওয়াল


বাবন ধুঁয়া, ০৩.০১.২৪ সময়ঃ ৪.২৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। এই নিয়ে তৃতীয়বার ইডির সমন এড়ালেন তিনি। ৩ জানুয়ারি তাঁকে ইডি দফতরে এসে দেখা করতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই মর্মে গত ২২ ডিসেম্বর কেজরীওয়ালকে সমন পাঠানো হয়েছিল। বুধবার ছিল সেই দিন। তবে সকালেই আপ প্রধান কেজরীওয়াল জানিয়ে দেন, তিনি ইডি দফতরে আসছেন না। কেন আসছেন না, তার কারণও দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে ইডি সূত্রে খবর।

এই নিয়ে তৃতীয় বার ইডির সমন এড়ালেন কেজরীওয়াল। এর আগে যথাক্রমে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর ডেকে পাঠানো হয়েছিল আপ প্রধানকে। তিনি সেই তলবেও সাড়া দেননি। এর মধ্যে ২১ ডিসেম্বর কেজরীওয়াল তাঁর যোগাভ্যাসের অনুশীলনের জন্য যেতে পারেননি বলে জানিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তার আগেও নভেম্বরে ইডির সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে প্রচারের কাজে চলে গিয়েছিলেন কেজরীওয়াল। আপের তরফে বলা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ডেকে পাঠানো হচ্ছে। শুধু তা-ই নয়, কেজরীওয়ালকে ইডি যে সমন পাঠাচ্ছে তা আইনত বৈধ নয় বলেও দাবি করেছিল আপ।

একই কথা বলেছিলেন আপ প্রধানও। বুধবারও ইডিকে দেওয়া জবাবে অরবিন্দ জানিয়েছেন,‘তাঁকে পাঠানো ইডির সমন বেআইনি। তদন্তে যে কোনও রকমের সাহায্য করতে তিনি প্রস্তুত। যে কোনও আইনত বৈধ সমনেরও জবাব দিতে রাজি। কিন্তু বেআইনি সমনগুলি সরাতে হবে।’

কেজরীওয়ালকে দিল্লির আবগারি দুর্নীতির সূত্রে ডেকে পাঠিয়েছে ইডি। কিন্তু আপ জানিয়েছে, বার বার প্রশ্ন করা সত্ত্বেও ইডি একটি প্রশ্নের জবাব দেয়নি বা দিতে পারেনি যে, কোন মর্যাদায় বা কী হিসাবে কেজরীওয়ালকে ওই মামলায় এই সমন পাঠানো হচ্ছে। তাতেই সন্দেহ বাড়ছে এবং এই বিশ্বাসও দৃঢ় হচ্ছে যে রাজনৈতিক কারণেই এই সমন।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। এই গ্রেফতারির আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডারও আশঙ্কা, কেজরিকে গ্রেফতার করার ‘ছক’ করছে বিজেপি। এবারও একই সুর দলীয় তরফে।

তবে কেজরিওয়ালের হাজিরা এড়ানো নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার তোপ, ‘কেজরিওয়াল নিশ্চিতভাবেই কিছু লুকানোর চেষ্টা করছেন। সেই কারণেই বারবার হাজির এড়াচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *