Bengal snowfalls- নতুন বছরে প্রবল তুষারপাত উত্তরবঙ্গে সঙ্গে বৃষ্টি, সমতলেও নামল তাপমাত্রার পারদ
সুপর্ণা দে, ০২.০১.২৪ সময়- ২.৩৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, বছরের শুরুতেই প্রবল তুষারপাত পাহাড়ে। সিকিমে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। সঙ্গে সমতলেও নামল তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার ফলেই আবহাওয়ার পরিবর্তন হল- এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। আবার পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে।
এদিকে ডিসেম্বরের শেষ লগ্নে এসেও যখন ঠান্ডা অনুভূত হচ্ছিলো না, তখন ঠান্ডা কবে পড়বে, সেই প্রশ্নটাই যেন ঘোরাফেরা করছিলো সবার মনে, তখনই নতুন বছর শুরুতেই তাপমাত্রার পারদ পতন হলো। দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু সহ উত্তরবঙ্গের বিস্তৃর্ণ পার্বত্য এলাকায় তুষারপাত শুরু হয়েছে । সিকিমে আবার তুষারপাতের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কাঞ্চনজঙ্ঘা ঢেকেছে দুধ সাদা বরফের আস্তরনে। পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় জমিয়েছেন। তুষারপাতের আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। আবার ঘন কুয়াশায় ঢাকা থাকছে কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ।
এদিকে সকালে হাল্কা কুয়াশার চাদরে মোড়া থাকছে কলকাতা ও তার পার্শবর্তী এলাকা। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল ও সন্ধ্যেবেলা ঠাণ্ডার আমেজ অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে।
যদি ভিন রাজ্যের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যায়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খন্ড, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে চলছে মাঝারি কুয়াশার দাপট। তবে পাঞ্জাব এবং হরিয়ানাতে বেশি ঠান্ডা পড়ছে। বিহার, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের কিছু অংশেও আগামী দুদিন কোল্ড ডে পরিস্থিতি বজায় থাকবে।
