Japan tsunami- পরপর আফটার শক, আতঙ্কিত জাপানিরা
সুপর্ণা দে, ০২.০১.২৪ সময়ঃ ১১.৫৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, টোকিওঃ জাপান সরকারের দেওয়া সতর্কবার্তা সত্যি করে রাতভর সুনামির তাণ্ডব চলল ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা উপকূলে। এর ওপর আবার দোসর ভূমিকম্পের আফটার শক। সূত্রের খবর, ১৫৫ বার আফটার শক হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধ্বসের ছবি। হিমসিম খাচ্ছেন উদ্ধারকারীরা। বাড়ছে মৃতের সংখ্যাও। আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তবে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনেক বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কোনো কোনো বাড়ি ভেঙে গিয়েছে। আবার কোনো কোনো বাড়িতে চওড়া ফাটল দেখা দিয়েছে। অধিকাংশ রাস্তায় ধস নামার ফলে ফাটল দেখা দিয়েছে। ফলে উদ্ধারকারী দল এবং সেনার সেখানে পৌঁছতে সময় লাগছে। বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। অনেক মানুষকে নিরাপদস্থানে সরিয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট , বিদ্যুত্ এবং মোবাইল পরিষেবা। এই অবস্থায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ বলতে পারছে না।
