দিন দর্পণ, অ্যানফিল্ডে লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে নিউক্যাসেলকে। সোমবার জোড়া গোল করে ফের একবার নজর কেড়েছেন মহম্মদ সালাহ। অপর দুই গোল এসেছে কার্টিস জোনস ও কোডি গাকপোর পা থেকে। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগের শীর্ষে চলে গেল জুরগেন ক্লপের শিষ্যরা।
৪২ পয়েন্ট নিয়ে দুয়ে অ্যাস্টন ভিলা। তিনে ম্যাঞ্চেস্টার সিটি (৪০ পয়েন্ট)। যদিও লিগ কে জিতবে, তা এখনই বলা সম্ভব নয়। কারণ দিল্লি বহু দূর। এদিকে দলের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছেন ক্লপ। লিভারপুলের ম্যানেজার আত্মহারা হয়ে, মাঠেই নিউক্যাসেল বধের সেলিব্রেশনে মাতেন। আর এর ফাঁকেই তাঁর বিয়ের আংটি হারিয়ে যায়। ক্লপ বুঝতে পেরেই চমকে যান। হতচকিত হয়ে তিনি, মাঠের নিরাপত্তাকর্মীকে প্রথমে বলেন খোঁজার জন্য। তারপর তিনি বুঝতে পারেন যে, এত বড় মাঠে ছোট্ট ওই আংটি এভাবে খুঁজে পাওয়া যাবে না। তিনি সম্প্রচাকারী চ্যানেলের চিত্রগ্রাহককে বলেন, ক্যামেরার সাহায্যে যদি খুঁজে পাওয়া যায়। ক্যামেরার লেন্সেই ক্লপের আংটি ধরা পড়ে। ক্লপ মাঠ থেকে আংটি কুড়িয়ে নেন। এরপর ক্যামেরার লেন্সের সামনে গিয়ে আংটিতে চুমু দেন। আংটি হারিয়ে ক্লপের আত্মহারা হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ম্যাচের পর ক্লপ বলেন, ‘বিরাট ধাক্কা খেয়েছিলাম। যাক ফিরে পাওয়া গিয়েছে।’
