Sundorbon boat licence renew problem- লাইসেন্স রিনিউ না হওয়ায় বিপাকে সুন্দরবনের পর্যটকেরা
বর্ণালী মণ্ডল, ০১.০১.২৪- – সময়- ১.৫৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, দক্ষিন ২৪ পরগনাঃ নতুন বছরের শুরুতেই সুন্দরবনে বেড়াতে গিয়ে চূড়ান্ত ভোগান্তীর শিকার হলেন পর্যটকরা। একাধিক বোটের লাইসেন্স বাতিল হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে। ফলে ক্ষোভে ফেটে পড়েন পর্যটকরা। হাজারো পর্যটক আটকে থাকেন সুন্দরবনের পাখিরালয় সহ একাধিক পর্যটন কেন্দ্রে। প্রতি বছর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে বোটগুলিকে ডিসেম্বর মাসে লাইসেন্স দেওয়া হয় ৷ ডিসেম্বর মাসে সরকারি অফিসার কম থাকায় অনেকেই লাইসেন্স রিনিউ করতে পারেন নি বলে জানিয়েছেন বোট চালকরা৷ লাইসেন্স না থাকলে জঙ্গলের মধ্যে ঢুকলেই তাঁদের ফাইন করা হবে বন দফতরের পক্ষ থেকে মোটা টাকা ফাইনের ভয়ে কেউই জঙ্গলের মধ্যে ঢুকতে পারছেন না৷ ফলে একাধিক ঘাটে সারি সারি বোট দাঁড়িয়ে আছে৷ এই ঘটনায় পর্যটকদের বক্তব্য, বিষয়টি আগে থেকেই জানানো উচিত ছিল৷ তাহলে এরকম জলযান নিয়ে সমস্যার মাঝে তাঁরা এখানে আসতেন না৷ এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি জানিয়েছেন, সঠিক সময়ে আবেদন না করায় এরা নতুন লাইসেন্স পাননি৷ অফিস খুললে আবেদন জানালে সকলেই লাইসেন্স পাবে বলে জানিয়েছেন তিনি। নদিয়া থেকে আগত এক পর্যটক জানান, আমরা প্রায় ৩৫ জনের একটি গ্রুপ এসেছি। কাল আমরা ভালো ঘুরেছিলাম। কিন্তু আজ সকাল থেকে এখানে বোট চালকদের একটি আন্দোলন হচ্ছে। যার জন্য আমাদের অসুবদুহার পড়তে হচ্ছে। এগুলো প্রশাসনের দেখা উচিত। এক পর্যটন ব্যবসায়ী বলেন, কোনওদিন ১৫০টি বোট, কোনওদিন ২০০টি বোট যেতে দিচ্ছে। অনেকের লাইসেন্স নেই বলে যেতে পারছেন না। প্রচুর পর্যটক এখানে এসে সমস্যার মধ্যে পড়ছেন। এতে আমাদের অনেকটা ক্ষতি হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, জেলা পরিষদের তরফ থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এই বোট গুলিকে অনুমতি দেওয়া হয়। সপ্তাহে মাত্র দুদিনই ওই অনুমতি দেওয়া হয়। সুন্দরবনের ৮৫০টিরও বেশি বোট রয়েছে। কিন্তু এবার জেলা পরিষদের অফিসে সঠিক ভাবে অনুমতি না মেলায় ১০০টিরও বেশি বোট অনুমতি পায়নি। বোটগুলি জেলা পরিষদের অনুমতি না পাওয়ায় বন দফতর আজ, সোমবার সকাল থেকেই সেগুলির ইটিএস অনলাইনে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ফলে এই বোটগুলিতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছেন, তাঁরা সুন্দরবন ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। নতুন বছরের প্রথম দিনে সুন্দরবন ভ্রমণে এসেছেন পর্যটকরা। তাঁরাও সমস্যা পড়েছেন। অনেকেই বিষয়টিতে ক্ষুব্ধ।
