ক্রাইস্ট দ্য রিডিমারের গায়ে পেলের জার্সি


দিন দর্পণ, ৩০ ডিসেম্বরঃ এক বছর হয়ে গেল তিনি নেই। কিংবদন্তি পেলের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল শনিবার, ২৯ ডিসেম্বর। ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল সম্রাট। ৮২ বছর বয়সে ক্যানসারের কাছে হার মেনেছিলেন ব্রাজিলের কিংবদন্তি। আর তাই তাঁর মৃত্যুবার্ষিকীতে নেওয়া হল অভিনব উদ্যোগ।

ব্রাজিলের ফুটবলপ্রেমীরা পেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। রিও ডি জেনেইরো শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ক্রাইস্ট দ্য রিডিমার’। এটি আসলে যিশুর দু’পাশে দু’হাত মেলে দাঁড়ানো একটি মূর্তি। সেই মূর্তিতেই পেলের পরা ১০ নম্বর জার্সি লেজার শোয়ের মাধ্যমে পরানো হয়।

পেলের স্পোর্টসম্যানশিপ সম্পর্কে পোপ ফ্রান্সিসের এক বার্তাও তুলে ধরা হয় ক্রাইস্ট দ্য রিডিমারে। ব্রাজিল ফুটবলের পক্ষ থেকে পেলের ১০ নম্বর জার্সি পরা ক্রাইস্ট দ্য রিডিমারের সেই ছবি শেয়ার করা হয় এক্স হ্যান্ডেলে। ক্যাপশনে লেখা হয়, ‘আজ রাতের ক্রাইস্ট দ্য রিডিমার। আজকের দিনেই গত বছর পেলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন।’

এমনকি ফিফার তরফ থেকেও ফুটবল সম্রাটকে সম্মান জানানো হয়। ফিফা শ্রদ্ধার্ঘ্যে লেখে, ‘এক বছর কেটে গিয়েছে, কিংবদন্তী নেই।’ ব্রাজিলের হয়ে তিনি জিতেছেন তিনটি বিশ্বকাপ। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন তিনি। বিশ্ব ফুটবলের ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার, যাঁর এই নজির রয়েছে। মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতেন তিনি। যে নজির এখনও অটুট রয়েছে তাঁর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *