ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, শুরু নয়া ইনিংস!


দিন দর্পণ, কলকাতা: মুখবন্ধ তৈরি হয়েছিল স্পেনে। মঙ্গলবার চিত্রনাট্যটির বৃত্ত সম্পূর্ণ হল নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত নিয়োগপত্র তুলে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, ‘না বললে চলবে না।’ সৌরভও হাসিমুখে এগিয়ে গিয়ে মমতার হাত থেকে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন। সৌরভকে পাশে নিয়ে মমতা বললেন, ‘আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।’

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় লগ্নি টানতে বিদেশ সফরেও গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার সঙ্গী ছিলেন সৌরভ। মাদ্রিদ থেকেই প্রাক্তন ভারত অধিনায়ক ঘোষণা করেছিলেন বাংলায় তাঁর বিনিয়োগের কথা। বাকিদেরও বাংলায় বিনিয়োগের জন্য অনুপ্রাণিত করেছিলেন। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের কথা ঘোষণা করছিলেন, তখন বলেন, ‘সৌরভ নতুন প্রজন্মের জন্য খুব ভালভাবে কাজ করছেন।’

এ দিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময়ও সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় নিজের বিনিয়োগের কথা জানান দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের। সৌরভ বলেন, ‘আমার মতো একজন মানুষ যে এই শহরেই জন্মেছে, বড় হয়েছে.. তাঁর কাছে এটা সত্যিই একটা বড় ব্যাপার যখন সে দেখে, রাজ্য শিল্পের জন্য সামিট করছে। আমিও একটা ছোট্ট বিনিয়োগ করছি এই রাজ্যে।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিল্প সম্মেলনে উপস্থিত থেকে সৌরভ একদিকে যেমন শিল্পস্থাপনে নিজেদের ধারাবাহিকতার প্রমাণ রাখলেন তেমনই এদিনের মঞ্চ থেকে বাংলায় নতুন ইনিংসেরও সূচনা করলেন।

এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে স্পেনের মাটি থেকে শালবনীতে জিন্দলদের অধিকৃত জমিতে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে শিল্পস্থাপনের ঘোষণাও করেছিলেন তিনি। এদিন বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে সৌরভ বলেন, ‘আপনারা বাংলায় আসুন, দেখুন। আমি এটুকু বলতে পারি আপনারা হতাশ হবেন না। হ্যাঁ ছোটখাটো বাধা বা সমস্যা হতে পারে। কিন্তু আমি নিশ্চিত তার দ্রুত সমাধানও হয়ে যাবে।’

কে, কীভাবে সেই সমাধান করবেন, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে রয়েছি বলে ভাববেন না যে আমি ওনার হয়ে বলছি। আমি মমতাদিকে দীর্ঘদিন ধরেই চিনি। উনি শত ব্যস্ততার মাঝেও সবদিকে নজর রাখেন। এসএমএস করলে ১ মিনিটের মধ্যে উত্তর দেন।’

সৌরভের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এমন প্রশংসার কথা শুনে হাততালিতে ভরে ওঠে সভাস্থল। শিল্পপতি ও উদ্যোগপতিদের উদ্দেশে সৌরভ আরও বলেন, ‘বাংলায় মেধার অভাব নেই। নবীন প্রজন্ম উচ্চ শিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা পেতে চায়। আমি আশা রাখব, আপনারা এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে আস্থা রাখবেন।’

সৌরভ আরও বলেন, আজ যারা এই স্টেজে রয়েছেন তাদের ধন্যবাদ বাংলার উপরে আস্থা রাখার জন্য। আশাকরি সেই আস্থা আপনারা রেখে চলবেন। খেলার জগতের মানুষ হিসেবে আমি দেখেছি সঞ্জীব গোয়েঙ্কা ও মুকেশ আম্বানির মতো মানুষ কীভাবে খোলাধুলার পাশে দাঁড়িয়েছেন। অনেকে খেলার সঙ্গে পরোক্ষ ভাবেও জড়িত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *